মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের এলআরটি ও এমআরটি স্টেশনে পাঁচ নারীকে হেনস্তার দায়ে এক বাংলাদেশিকে দেড় বছরের কারাদণ্ড ও এক বেত্রাঘাতের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৩ মে) দেশটির আদালত এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মোহাম্মদ রমজান আলী, বয়স ৪১ বছর। তিনি মালয়েশিয়ায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।
সংবাদমাধ্যম মালয়মেইল জানিয়েছে, গত ৬ মে ম্যাজিস্ট্রেট আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড এবং ১৪ হাজার ৫০০ রিঙ্গিত জরিমানা করেছিলেন। পরবর্তীতে শাস্তি পুনর্বিবেচনার পর আদালত সাজা বাড়িয়ে দেড় বছরের কারাদণ্ড এবং একটি বেত্রাঘাতের আদেশ দেন। গত ২৭ এপ্রিল রমজান আলীকে গ্রেপ্তার করা হয় এবং ওই দিন থেকেই তার সাজা কার্যকর হবে বলে জানানো হয়েছে।
আদালতে রমজান আলী স্বীকার করেন যে, গত ১০ থেকে ২৫ এপ্রিলের মধ্যে তিনি বিভিন্ন এলআরটি ও এমআরটি স্টেশন এবং এসকেলেটরে এক জার্মান নারী ও চার মালয়েশীয় নারীকে শ্লীলতাহানির উদ্দেশ্যে উত্ত্যক্ত করেন। ভুক্তভোগীদের বয়স ছিল ২১ থেকে ২৮ বছরের মধ্যে। পরবর্তীতে ভুক্তভোগীরা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। রমজান আলীর পরিবার তাকে দেশে ফিরিয়ে নেওয়ার আবেদন জানালেও আদালত তা প্রত্যাখ্যান করেছেন।
রিপোর্টারের নাম 






















