অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের এমপিও (মাসিক বেতন আদেশ) বাস্তবায়ন এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে শূন্য পদে চূড়ান্ত অনুমোদন পাওয়া অনুদানবিহীন শিক্ষক-শিক্ষিকাদের অনুদান অনতিবিলম্বে ছাড়ের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা। মঙ্গলবার সকালে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সামনে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক কল্যাণ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষামন্ত্রী, সচিব এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি স্মারকলিপিও প্রদান করা হয়।
সংগঠনের আহ্বায়ক মাওলানা শামসুল হক আনছারীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মুফতি আব্দুল হান্নান হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে ইবতেদায়ী মাদ্রাসা সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শূন্য পদে নিয়োগপ্রাপ্ত ও কর্মরত অনুদানবিহীন শিক্ষক-শিক্ষিকাদের অনুদান ছাড়ের চূড়ান্ত অনুমোদন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে দেওয়া হলেও প্রায় ১০ মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কোনো শিক্ষক-শিক্ষিকার অনুদান ছাড় করেনি। এতে এক হাজার ৬৯০ জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত থাকলেও তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তারা চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত বকেয়া অনুদান অনতিবিলম্বে ছাড়ের জোর দাবি জানান।
শিক্ষকরা নতুন কর্মসূচি ঘোষণা করে বলেছেন, আগামী ২০ তারিখের মধ্যে তাদের দাবি বাস্তবায়ন না হলে ২১ মে জাতীয় প্রেসক্লাবের সামনে সকল শিক্ষকদের নিয়ে মানববন্ধনের পাশাপাশি লাগাতার অবস্থান কর্মসূচি পালন এবং ঈদ উৎসব বর্জন করা হবে।
রিপোর্টারের নাম 

























