জামালপুরে নাশকতার মামলা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে আওয়ামী লীগের চার নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জামালপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল হক শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ প্রদান করেন।
কারাগারে পাঠানো নেতারা হলেন—পৌর আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন, তাজুল ইসলাম, মোস্তফা মিন্টু এবং ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হামান পিন্টু। আদালত সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে নাশকতা ও অস্ত্র মামলাসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। গত জুলাইয়ে ছাত্র আন্দোলনের মিছিলে সশস্ত্র হামলার ঘটনায়ও তাদের সম্পৃক্ততা ছিল বলে অভিযোগ রয়েছে।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর মঙ্গলবার তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেছিলেন। তবে সংশ্লিষ্ট আইনজীবীদের বিরোধিতার প্রেক্ষিতে বিচারক তাদের জামিন নাকচ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। জামালপুর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রিপোর্টারের নাম 























