সম্প্রতি ঢাকা মহানগর পুলিশ রাজধানীতে লক্কড়-ঝক্কড় ও মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে যে অভিযানের ঘোষণা দিয়েছে, তা একটি সময়োপযোগী সিদ্ধান্ত। বাংলাদেশ যখন মেট্রোরেলের যুগে প্রবেশ করেছে, উড়ালসড়ক, এক্সপ্রেসওয়ে এবং আধুনিক অবকাঠামোর মাধ্যমে ঢাকাকে একটি আধুনিক রাজধানী হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে, তখন এই আধুনিকতার বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে লক্কড়-ঝক্কড় ও মেয়াদোত্তীর্ণ জীর্ণ বাস এবং অন্যান্য গণপরিবহন। প্রতিদিন লাখো মানুষকে যে সব বাসে চলাচল করতে হয়, সেগুলোকে মানুষ ব্যঙ্গ করে ‘মুড়ির টিন’ বলেই অভিহিত করে।
একই শহরে একদিকে যেমন রয়েছে অত্যাধুনিক মেট্রোরেল, তেমনই অন্যদিকে চলছে মরিচাধরা, ঝুঁকিপূর্ণ ও অমানবিক গণপরিবহন ব্যবস্থা। একটি দেশের রাস্তায় চলাচলকারী বাস, ট্রাক বা অন্যান্য গণপরিবহনের চেহারা অনেক সময় সেই দেশের উন্নয়নের একটি নীরব পরিচয় বহন করে। বিমানবন্দরে নামার পর একজন বিদেশি প্রথমেই যে বিষয়গুলোর দিকে নজর দেন, তার মধ্যে অন্যতম হলো সড়ক ও যানবাহনের অবস্থা। সেখানেই বোঝা যায়, দেশটি কেবল অর্থনীতিতেই নয়, নাগরিক রুচি, পরিকল্পনা, নিরাপত্তা এবং মানবিক মর্যাদায় কতটা এগিয়েছে।
ঢাকায় আজও এমন অসংখ্য বাস চলাচল করে, যেগুলো কেবল পুরোনোই নয়, অত্যন্ত বিপজ্জনকও। অনেক বাসের দরজা ঠিকমতো বন্ধ হয় না, জানালার কাঁচ ভাঙা, বডি মরিচা ধরা, সিট ছেঁড়া এবং ইঞ্জিনের শব্দ অসহনীয়। কোথাও কোথাও মনে হয়, এটি কোনো যাত্রীবাহী যান নয়, যেন এটি একটি চলন্ত লোহার খাঁচা। প্রতিদিন হাজার হাজার মানুষ বাধ্য হয়ে এসব ঝুঁকিপূর্ণ যানবাহনে যাতায়াত করছে।
সমস্যাটি কেবল জরাজীর্ণ বাসেই সীমাবদ্ধ নয়, বরং বাসের ধরন ও সংখ্যার দিক থেকেও এটি একটি বড় সমস্যা। ঢাকার রাস্তায় বিপুল সংখ্যক ছোট ছোট বাস ও মিনিবাস চলাচল করে। প্রতিটি বাস বড় বাসের তুলনায় যাত্রী বহন করলেও রাস্তার জায়গা দখল করে প্রায় সমানভাবে। এর ফলে একই পরিমাণ যাত্রী পরিবহনের জন্য প্রয়োজনের তুলনায় অনেক বেশি যানবাহন রাস্তায় নামে। এর ফলস্বরূপ অতিরিক্ত যানজট, বিশৃঙ্খল প্রতিযোগিতা এবং সময়ের অপচয় ঘটে।
ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে ছোট ছোট বাসের যুগ বাস্তবিক অর্থেই শেষ হওয়া উচিত। এখন প্রয়োজন বড় ধারণক্ষমতার আধুনিক বাস। একটি বড় বাস যেখানে ৭০ থেকে ১০০ জন যাত্রী বহন করতে পারে, সেখানে কয়েকটি ছোট বাস একই কাজ করতে গিয়ে সড়কে বিশৃঙ্খলা ও যানজট বাড়ায়। উন্নত নগর পরিকল্পনায় তাই ধীরে ধীরে মিনিবাস কমিয়ে বড় ও মানসম্মত বাসে রূপান্তরের প্রবণতা দেখা যায়। পৃথিবীর অনেক দেশ বহু আগেই বুঝেছে যে, গণপরিবহন কেবল মানুষ পরিবহনের মাধ্যম নয়, এটি রাষ্ট্রের…
রিপোর্টারের নাম 






















