ভারতের রাজস্থানের বিখ্যাত আজমির শরিফ দরগাহ প্রাঙ্গণে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। খাজা মঈনুদ্দিন চিশতির (রহ.) দরগাহে অবস্থিত বিশাল শিন্নি রান্নার পাত্র বা ‘বড় ডেগ’-এর ভেতর এক যুবক আচমকা ঝাঁপিয়ে পড়লে সেখানে উপস্থিত পুণ্যার্থী ও খাদেমদের মধ্যে চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, ওই যুবক দরগাহের ডেগে রাখা দান করা টাকা সংগ্রহের উদ্দেশ্যে পাত্রের ভেতর ঝাঁপ দেন। ঐতিহাসিকভাবে, এই বিশাল ধাতব পাত্রটি ভক্তদের দেওয়া খাবার রান্নার কাজে ব্যবহৃত হয় এবং প্রায়শই পুণ্যার্থীরা এতে টাকা ও অন্যান্য সামগ্রী দান করেন। খাদেম ও দর্শনার্থীরা যুবকটিকে বেরিয়ে আসার অনুরোধ জানালেও তিনি তাতে কর্ণপাত করেননি। এতে দরগাহ প্রাঙ্গণে ভিড় জমে যায় এবং হট্টগোল শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, যুবকটি ডেগের ভেতর বসে আছেন এবং বাইরে থেকে মানুষ তাকে নিরাপদে বেরিয়ে আসার জন্য চিৎকার করছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একজন খাদেম নিজেই পাত্রের ভেতর নেমে যুবকটিকে টেনে বের করে আনেন। এরপর তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। সুফি সাধক খাজা মঈনুদ্দিন হাসান চিশতির স্মৃতিবিজড়িত আজমির শরিফ দরগাহ ভারতের অন্যতম পবিত্র ও জনপ্রিয় ধর্মীয় স্থান, যেখানে প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থী সমবেত হন।
রিপোর্টারের নাম 























