আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে সমাজে মায়েদের অবদান ও আত্মত্যাগের স্বীকৃতি জানাতে আয়োজন করা হয় ‘স্বপ্নজয়ী মা সম্মাননা’। রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনে সফল সন্তানদের গর্ভধারিণী মায়েদের হাতে এই সম্মাননা পদক তুলে দেওয়া হয়।
এ বছর সম্মাননাপ্রাপ্ত মায়েদের মধ্যে রয়েছেন— অভিনেতা শরিফুল রাজের মা জাহানারা বেগম, অভিনেত্রী তানজিন তিশার মা উম্মে সালমা বেগম, অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলামের মা জিন্নাতুন্নেসা, প্রভাষক এম এ মোত্তালিব মিহিরের মা মোছা. জামিলা বিবি এবং ডা. উত্তম কুমার সরকার, ডা. উজ্জ্বল কুমার সরকার, প্রভাষক সুবর্ণা সরকার ও সাংবাদিক প্রতিমা সরকারের মা আদরিনী সরকার।
সম্মাননাপ্রাপ্ত মায়েরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য তারা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছেন, তবে এভাবে সম্মাননা পাবেন তা কখনো ভাবেননি। সন্তানদের সাফল্যই তাদের জীবনের সবচেয়ে বড় আনন্দ বলেও তারা জানান।
অন্যদিকে, সম্মাননাপ্রাপ্ত মায়েদের সন্তানরা বলেন, জীবনের নানা অর্জনের মধ্যেও মায়ের এই সম্মাননা পাওয়াটাই তাদের কাছে সবচেয়ে গর্বের ও আবেগের মুহূর্ত।
অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, বাঙালির শব্দভাণ্ডারে সবচেয়ে মধুর শব্দ ‘মা’। একজন মা জীবনের শেষ দিন পর্যন্ত সন্তানের সাফল্যের জন্য সংগ্রাম করে যান। পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ আয়োজন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী শুভেচ্ছা বক্তব্যে বলেন, “মায়ের তুলনা মা নিজেই। সন্তানের সাফল্যের পেছনে মায়ের অবদান কখনোই পূরণ হওয়ার নয়।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সংগীতশিল্পী লীনু বিল্লাহ, নাট্যব্যক্তিত্ব রহমত আলী, ব্যবসায়ী সাহেদুল ইসলাম হেলাল এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শান্তা ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে নৃত্য ও সংগীত পরিবেশন করেন দেশের প্রখ্যাত শিল্পীরা।
রিপোর্টারের নাম 






















