জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত প্রস্তাবগুলোর মধ্যে গণভোট বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
বুধবার বিকেল ৩টার পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এই আলোচনা শুরু হয়।
৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই জাতীয় সনদ তৈরি করা হচ্ছে। এর খসড়া চূড়ান্ত হলেও বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো ঐকমত্য হয়নি। এ কারণে জুলাই সনদ আটকে রয়েছে। বাস্তবায়নের উপায় ঠিক করার জন্য এর আগে ১১ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছিল কমিশন। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন আলোচনা হলেও ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি।
তবে গত ৫ অক্টোবর গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্য পোষণ করে। আজ সেই গণভোটটি বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলোচনা চলছে।
কমিশন সূত্র জানিয়েছে, ১৫ অক্টোবরের মধ্যে দলগুলোর স্বাক্ষরের মাধ্যমে এই সনদের পূর্ণাঙ্গ রূপ দিতে চায় কমিশন।
বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ও সদস্য বদিউল আলম মজুমদারসহ কমিশনের অন্য সদস্যরা উপস্থিত রয়েছেন।
রিপোর্টারের নাম 






















