পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সহিংসতা ও উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। বিজেপির শীর্ষ নেতাদের পক্ষ থেকে শান্তি ও সংযমের বারবার আহ্বান সত্ত্বেও হুমকি, হামলা ও নিহতের ঘটনা অব্যাহত রয়েছে। সোমবার রাত থেকে এখন পর্যন্ত রাজ্যে অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
কলকাতার নিউ মার্কেট এলাকায় এক নজিরবিহীন ঘটনা ঘটেছে, যেখানে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে একদল ব্যক্তি বুলডোজার ব্যবহার করে তৃণমূলের একটি কার্যালয়সহ পাশের কয়েকটি দোকান গুঁড়িয়ে দিয়েছে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, নতুন শাসক দলের সঙ্গে খাপ খাইয়ে নিতে এই তাণ্ডব চালানো হয়েছে।
এমনকি কলকাতায় একটি পরিচিত বিদ্যালয়ের স্কুলবাসের সহকারী শিশুদের ‘জোরপূর্বক’ ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে বাধ্য করার অভিযোগও উঠেছে।
নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা এবং পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আলোচনায় থাকা শুভেন্দু অধিকারী শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, কারও সহিংসতায় জড়ানো উচিত নয় এবং আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনও কর্মী সহিংসতায় জড়িত থাকলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।
মঙ্গলবার রাতে কলকাতার ভবানীপুরে তৃণমূলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন এবং আতঙ্কের কারণে তিনি তার নাতনিকে স্কুলে পাঠাননি।
রিপোর্টারের নাম 


















