বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কমিটির নেতৃত্বে দেশের ক্রিকেট উন্নয়নে আরও গতিশীলতা আসবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বিশেষ করে উল্লেখ করেন, দলের ব্যাটিং ইউনিট অতীতের যেকোনো সময়ের চেয়ে সাফল্য অর্জনে আরও কার্যকর ও বাস্তবভিত্তিক ভূমিকা রাখতে সক্ষম হবে।
মঙ্গলবার জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রশ্নকর্তা জাতীয় দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এর সমাধানে সরকারের পদক্ষেপ জানতে চেয়েছিলেন।
জবাবে প্রতিমন্ত্রী বলেন, একটি ক্রিকেট দলের সার্বিক সাফল্য দলগত ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের পারফরম্যান্সের ওপর নির্ভর করে। এ জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিসিবি বর্তমানে বয়সভিত্তিক দল থেকে শুরু করে হাই পারফরম্যান্স, বাংলাদেশ ‘এ’ দল এবং জাতীয় দলের খেলোয়াড়দের, বিশেষ করে ব্যাটসম্যানদের কৌশলগত, কৌশলগত ও মানসিক দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে নিয়মিতভাবে দেশি-বিদেশি অভিজ্ঞ কোচ, ফিজিও, ট্রেইনার ও অ্যানালিস্ট নিয়োগের পাশাপাশি খেলোয়াড়দের ব্যাটিং সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর বিশ্লেষণ ও পারফরম্যান্স মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও যোগ করেন, এর ফলে সাম্প্রতিক সময়ে বেশ কিছু ইতিবাচক ফলাফল দেখা যাচ্ছে। ক্রিকেটের সব ফরম্যাটেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল প্রতিদ্বন্দ্বিতামূলক পারফরম্যান্স প্রদর্শন করছে। সম্প্রতি পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষেও একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ ও সিরিজে জয় পেয়েছে বাংলাদেশ। পুরুষ দলের পাশাপাশি বাংলাদেশ মহিলা জাতীয় ক্রিকেট দলও সাম্প্রতিক সময়ে আইসিসি টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ-২০২৬-এ পাকিস্তান মহিলা জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে জয়লাভসহ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
রিপোর্টারের নাম 
























