তামিলনাড়ুর রাজনীতিতে ক্ষমতার লড়াই এখন ‘সংখ্যার খেলায়’ রূপ নিয়েছে। অভিনেতা থালাপতি বিজয়ের দল, টিভিকে, নতুন সরকার গঠনের দাবি জানাতে ১১২ জন বিধায়কের সমর্থনের চিঠি নিয়ে রাজ্যপালের কাছে গিয়েছিলেন। তবে রাজ্যপাল রাজেন্দ্র আরলেকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, সরকার গঠনের জন্য এই সংখ্যা যথেষ্ট নয় এবং বিজয়কে অন্তত ১১৮ জন বিধায়কের সমর্থন নিয়ে আসার নির্দেশ দিয়েছেন।
নির্বাচনি অভিষেকে চমক দেখিয়ে ২৩৪ আসনের বিধানসভায় বিজয়ের দল ১০৮টি আসনে জয়লাভ করেছে। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮টি আসন থেকে তারা এখনো ১০টি আসন দূরে। এই অবস্থায়, বিজয়কে সমর্থনের জন্য অন্যান্য দলের ওপর নির্ভর করতে হচ্ছে।
সূত্রের খবর অনুযায়ী, বিজয়ের পক্ষে কংগ্রেসের ৫ জন বিধায়ক সমর্থন দেবেন বলে তিনি মৌখিকভাবে রাজ্যপালকে জানিয়েছেন। তবে এই সমর্থন নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় সংখ্যা পূরণ করতে তিনি রাজ্যপালের কাছে আরও কিছুটা সময় চেয়েছেন।
অন্যদিকে, ডিএমকে নেতৃত্বাধীন জোটের শরিক দলগুলোর অবস্থান নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। ডিএমকের দীর্ঘদিনের মিত্র দল ভিসিকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে এবং সেই বৈঠকের পরই তারা বিজয়কে সমর্থন দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। বাম দলগুলো তাদের সিদ্ধান্তের কথা আগামী শুক্রবার পর্যন্ত স্থগিত রেখেছে। ভিসিকে এবং বাম দল উভয়েই বর্তমানে ডিএমকে নেতৃত্বাধীন সেক্যুলার প্রগ্রেসিভ অ্যালায়েন্সের (এসপিএ) অংশ।
রিপোর্টারের নাম 





















