কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখে বাড়ি ফেরার পথে এক প্রকৌশলী সশস্ত্র ডাকাত দলের কবলে পড়েছেন। সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা সড়কের কোদালিয়া চৌরাস্তা সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। ডাকাতেরা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ওই প্রকৌশলীর মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়।
ভুক্তভোগী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়ীয়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি বন্ধুদের সঙ্গে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি এলাকায় বড় পর্দায় ব্রাজিল-জাপানের মধ্যকার ফুটবল খেলা দেখতে গিয়েছিলেন।
আরিফুল ইসলাম জানান, খেলা দেখে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কোদালিয়া চৌরাস্তা ফিলিং স্টেশনের অদূরে পৌঁছালে আরেকটি মোটরসাইকেলে আসা তিনজন দুর্বৃত্ত তার পথ রোধ করে। প্রথমে তারা আরিফুলকে জানায়, তিনি পেছনে একটি দুর্ঘটনা ঘটিয়ে এসেছেন। আরিফুল মোটরসাইকেল ঘোরানোর চেষ্টা করতেই একজন চাপাতি দিয়ে কোপ দেওয়ার চেষ্টা করে। প্রাণ বাঁচাতে তিনি মোটরসাইকেল ফেলে দৌড়ে পালান। এ সময় একজন চাপাতি হাতে তাকে অনেক দূর পর্যন্ত ধাওয়া করে। পরে ডাকাতেরা তার ব্যবহৃত পালসার সিঙ্গেল ডিস্ক মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
তিনি আরও জানান, ঘটনার পরপরই পরিচিত একজনকে ফোন করে ঘটনাস্থলে এনে খোঁজাখুঁজি করলেও মোটরসাইকেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। তার ধারণা, ডাকাতেরা মহাসড়ক ব্যবহার না করে বিকল্প সড়ক দিয়ে পালিয়ে গেছে। তিনি তাৎক্ষণিকভাবে মুঠোফোনে পাকুন্দিয়া থানার ওসিকে বিষয়টি অবগত করেন।
পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান জানান, ভুক্তভোগীর ফোন পাওয়ার পর রাতেই সংশ্লিষ্ট টহল টিমকে ওয়্যারলেসের মাধ্যমে তাৎক্ষণিক বার্তা দেওয়া হয়। পরে একটি মোটরসাইকেল আটক করে তাকে দেখানো হলেও সেটি তার মোটরসাইকেল ছিল না। ছিনিয়ে নেওয়া মোটরসাইকেল উদ্ধার এবং জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 

























