ফিলিস্তিনের গাজার উদ্দেশে যাত্রা করা আরেকটি জাহাজ ইসরায়েলি সেনাবাহিনী আটক করেছে। ওই অভিযানের আয়োজক ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) এই তথ্য জানিয়েছে। আটক হওয়া জাহাজটিতে ছিলেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহিদুল আলম।
আটকের বিষয়ে বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল সোয়া ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা পোস্ট করেন তিনি।
ভিডিও বার্তায় দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম জানান, তাদের বহনকারী গাজা অভিমুখী জাহাজটি মাঝসমুদ্রে ইসরায়েলি বাহিনী আটকে দিয়েছে।
তিনি বলেন, “আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। আমাদের সাগরে আটকে দেওয়া হয়েছে এবং আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে। দেশটি যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় গাজায় জাতিগত নিধন চালাচ্ছে। আমি আমার সব সহযোদ্ধা ও বন্ধুর প্রতি ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যেতে আহ্বান জানাচ্ছি।”
এর আগে তিন দিন আগে শহিদুল আলম “ভুলবশত” এরকম একটি ভিডিওবার্তা তার পেজে আপলোড করেছিলেন। কিছুক্ষণের মধ্যেই সেটি মুছে ফেলে তিনি জানান, “আগের ভয়টা দেওয়ার জন্য দুঃখিত। ওই লেখাটা আসলে একটা ভিডিওর স্ক্রিপ্ট ছিল, যেটা আমরা প্রকাশ করতাম যদি/যখন আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) আমাদের ধরে নিয়ে যাওয়ার পরে। ভাগ্য ভালো, রেহনুমা তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে সেটা মুছে দিয়েছে, বড় ক্ষতি হওয়ার আগেই…”
জানা গেছে, শহিদুল আলম কনশেনস নামের একটি জাহাজে ছিলেন।
রিপোর্টারের নাম 

























