গত ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো এক মাসে কোনো অপরিশোধিত (ক্রুড) তেল রপ্তানি করতে পারেনি কুয়েত। আন্তর্জাতিক ট্যাঙ্কার পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাঙ্কারট্র্যাকার্স ডটকমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের পর এই প্রথম দেশটি এমন নজিরবিহীন পরিস্থিতির সম্মুখীন হলো।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল মাসে কুয়েত থেকে কোনো তেলের ট্যাঙ্কার বিশ্ববাজারে ছেড়ে যায়নি। মূলত হরমুজ প্রণালিতে চলমান অবরোধ ও উত্তেজনার কারণেই এই রপ্তানি কার্যক্রম পুরোপুরি থমকে গেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন রুটটি বন্ধ হয়ে যাওয়ায় কুয়েতের জ্বালানি সরবরাহ ব্যবস্থা বড় ধরনের বাধার মুখে পড়েছে।
তবে রপ্তানি কার্যক্রম স্থগিত থাকলেও কুয়েত তাদের তেল উৎপাদন অব্যাহত রেখেছে। উত্তোলিত তেলের একটি বড় অংশ বর্তমানে মজুদ করে রাখা হচ্ছে এবং বাকি অংশ অভ্যন্তরীণভাবে পরিশোধন করে বিভিন্ন উপজাত পণ্য হিসেবে রপ্তানি করা হচ্ছে। জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, এই অচলাবস্থা দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
রিপোর্টারের নাম 






















