ইরানের সঙ্গে তেল বাণিজ্যের অভিযোগে পাঁচটি চীনা কোম্পানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী ও ‘দীর্ঘহাতের বিচারব্যবস্থা’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে চীন। প্রতিক্রিয়ায় বেইজিং মার্কিন এই নিষেধাজ্ঞা মোকাবিলায় একটি বিশেষ আইনি আদেশ বা ইনজাংশন জারি করেছে।
নিষেধাজ্ঞার কবলে পড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে হেংলি পেট্রোকেমিক্যাল, শানডং জিনচেং ও হেবেই সিনহাই কেমিক্যালসহ আরও বেশ কিছু প্রভাবশালী প্রতিষ্ঠান। চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র নিজেদের অভ্যন্তরীণ আইন অন্য দেশের ওপর চাপিয়ে দিয়ে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটাচ্ছে। তারা নিজ দেশের প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।
বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি ও জ্বালানি বাণিজ্যকে কেন্দ্র করে বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির দেশের মধ্যে এই নতুন উত্তেজনা বৈশ্বিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ইরান ইস্যুতে বেইজিং ও ওয়াশিংটনের অনড় অবস্থান দুই দেশের চলমান বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলছে।
রিপোর্টারের নাম 






















