মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতা কাটিয়ে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের আকাশপথে বিমান চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। একই সঙ্গে কাতার এয়ারওয়েজ ঘোষণা দিয়েছে যে, আগামী ১০ মে থেকে তারা ইরাকের রাজধানী বাগদাদসহ বসরা ও এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করবে।
আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে গত ২৮ ফেব্রুয়ারি কাতার তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল। পরবর্তীতে পরিস্থিতির কিছুটা উন্নতি হলে ৬ মার্চ থেকে আংশিকভাবে ফ্লাইট চালু করা হয়। বর্তমানে সার্বিক অবস্থা স্থিতিশীল হওয়ায় ইরাকগামী সব ফ্লাইট পুরোপুরি সচল করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
অন্যদিকে, ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনার প্রেক্ষিতে জারি করা অস্থায়ী সতর্কতা প্রত্যাহার করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা ও পরিচালনাগত সব দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমেই আকাশপথ স্বাভাবিক করার এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা এমিরেটস নিউজ এজেন্সির তথ্যমতে, বর্তমানে ওই অঞ্চলের আকাশসীমা নিরাপদ রয়েছে এবং বিমান চলাচল নির্বিঘ্ন করতে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখা হয়েছে। খাত সংশ্লিষ্টরা মনে করছেন, কাতার এয়ারওয়েজের এই সিদ্ধান্তের ফলে ইরাকের সঙ্গে আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্যিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।
রিপোর্টারের নাম 






















