নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ছয়টি ওয়ান শুটারগান, গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে পিলারের নিচের একটি খাদ থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাঁচপুর ব্রিজের নিচে বালুর গদি সংলগ্ন এলাকায় অভিযান চালায় র্যাবের একটি আভিযানিক দল। তল্লাশিকালে সন্দেহভাজন একটি প্লাস্টিকের ব্যাগ থেকে দেশীয় তৈরি এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। র্যাব-১১-এর লে. কমান্ডার মো. নাঈম উল হক শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে ছয়টি ওয়ান শুটারগান ছাড়াও একটি শর্টগানের গুলি রয়েছে। কে বা কারা কী উদ্দেশ্যে এসব অস্ত্র সেখানে মজুত করেছিল, তা খতিয়ে দেখছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রিপোর্টারের নাম 























