জামালপুরের ইসলামপুরে সরকারি ওষুধের একটি বড় চালান ডোবায় ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনতলা কমিউনিটি ক্লিনিকের পাশের একটি ডোবায় গত দুদিন ধরে বিপুল পরিমাণ ওষুধ ভাসতে দেখা যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সাধারণ রোগীদের না দিয়ে এসব ওষুধ সুকৌশলে ফেলে দেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, ডোবার পানিতে ট্যাবলেট, সিরাপ ও ক্যাপসুলসহ বিভিন্ন ধরনের সরকারি ওষুধ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এসব ওষুধের গায়ে স্পষ্টভাবে ‘সরকারি সরবরাহ, বিক্রয় নিষিদ্ধ’ লেখা রয়েছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্লিনিকে গেলে প্রায়ই ওষুধ নেই বলে ফিরিয়ে দেওয়া হয়, অথচ সেই ওষুধই এখন পানিতে পচে নষ্ট হচ্ছে।
এ বিষয়ে ক্লিনিকের স্বাস্থ্য সহকারী মো. মিস্টার জানান, তিনি নতুন দায়িত্ব নিয়েছেন এবং এই ওষুধগুলো কীভাবে সেখানে এলো তা তার জানা নেই। তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.এম আবু তাহের জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং তদন্ত কমিটি গঠন করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 























