রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। নিহতের পরিবারের দাবি, বছিলা গরুর হাটের ইজারা ও নিয়ন্ত্রণ নিয়ে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সাথে বিরোধের জের ধরেই টিটনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় টিটনের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন বাদী হয়ে নিউমার্কেট থানায় অজ্ঞাত ৮-৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। বুধবার ময়নাতদন্ত শেষে টিটনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, দীর্ঘ সময় কারাবাসের পর গত বছরের ১৩ আগস্ট জামিনে মুক্তি পান টিটন। পরিবারের কাছে তিনি স্বাভাবিক জীবনে ফেরার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং একটি শিডিউল কেনাসহ ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার চেষ্টা করছিলেন। নিহতের ভাই রিপন জানান, ঘটনার কয়েক দিন আগে থেকেই বছিলা গরুর হাটের শিডিউল নিয়ে পিচ্চি হেলাল, কিলার বাদল, শাহজাহান ও ডাগারি রনিসহ কয়েকজনের সাথে টিটনের বিরোধ চলছিল। গত ২৭ এপ্রিল টিটনকে সমঝোতার কথা বলে ডেকে নেওয়া হয় এবং পরদিন রাতে নিউমার্কেট এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়। বর্তমানে পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।
রিপোর্টারের নাম 























