বাংলাদেশের সমুদ্র উপকূলীয় অঞ্চলে সহজলভ্য অথচ এতদিন অবহেলিত থাকা এক প্রাকৃতিক সম্পদ লাল শৈবাল এখন নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)-এর একদল গবেষক দেশি সামুদ্রিক লাল শৈবাল ব্যবহার করে স্বল্পমূল্যে উন্নতমানের প্রসাধনী ও পুষ্টিকর খাদ্যপণ্য তৈরিতে প্রাথমিক সফলতা অর্জন করেছেন। দীর্ঘ গবেষণার পর গবেষকরা লাল শৈবাল থেকে ফেস সিরাম, টুথপেস্ট, কুকিজ এবং বিভিন্ন ধরনের পাই তৈরি করতে সক্ষম হয়েছেন। উদ্ভাবিত এই পণ্যগুলো বাজারে প্রচলিত কৃত্রিম পণ্যের একটি কার্যকর ও প্রাকৃতিক বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।
ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ফাতেমা হক শিখা এই গবেষণা দলের নেতৃত্ব দিচ্ছেন। তাদের সঙ্গে কাজ করছেন একই বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রচুর পরিমাণে Gracilaria প্রজাতির লাল শৈবাল পাওয়া যায়। গভীর সমুদ্রের এই উদ্ভিদে ‘ফাইকোএরিথ্রিন’ নামক রঞ্জক পদার্থ বিদ্যমান, যা একে গাঢ় লাল বর্ণ প্রদান করে। এতে উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট, প্রাকৃতিক পলিস্যাকারাইড, প্রোটিন, ফাইবার এবং প্রয়োজনীয় খনিজ উপাদান রয়েছে, যা মানবস্বাস্থ্য ও ত্বক পরিচর্যার জন্য অত্যন্ত উপকারী।
গবেষণা দলের প্রধান অধ্যাপক ড. ফাতেমা হক শিখা বলেন, ‘সমুদ্রে সহজলভ্য লাল শৈবাল পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় আমরা এটিকে খাদ্য ও ত্বক পরিচর্যায় ব্যবহারযোগ্য করার উদ্যোগ নিয়েছি। দেশীয়ভাবে প্রাপ্ত শৈবালের নির্যাস থেকে আমরা ফেস সিরাম ও টুথপেস্ট তৈরি করেছি। এই সিরাম অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিএজিং উপাদানে সমৃদ্ধ, যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি, ব্রণ নিয়ন্ত্রণ এবং ক্ষত নিরাময়ে সহায়ক হতে পারে। অন্যদিকে, টুথপেস্টে থাকা প্রাকৃতিক অ্যান্টিব্যাক্টেরিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ উপাদান দাঁতের ক্ষয় রোধ, মাড়ির সংক্রমণ প্রতিরোধ এবং মুখের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করবে। এটি কৃত্রিম কসমেটিক উপাদানের একটি নিরাপদ ও পরিবেশবান্ধব বিকল্প হতে পারে।’
তিনি আরও জানান, একই শৈবাল ব্যবহার করে পুষ্টিসমৃদ্ধ খাদ্যপণ্য হিসেবে পাই ও কুকিজ তৈরি করা হয়েছে। এসব খাদ্যে উচ্চমাত্রার প্রোটিন, খাদ্যআঁশ ও বিভিন্ন খনিজ উপাদান থাকায় তা মানবদেহের পুষ্টি চাহিদা পূরণে বিশেষ ভূমিকা রাখতে পারে। খাদ্যআঁশ হজমশক্তি উন্নত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, পাশাপাশি এটি ক্যালসিয়াম শোষণেও সহায়তা করে।
রিপোর্টারের নাম 
























