পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের চা-চাষিরা চা-বাগানে লোফার ও লাল মাকড় পোকার আক্রমণে দিশাহারা হয়ে পড়েছেন। প্রয়োজনীয় সার ও কীটনাশকের অভাবে সবুজ চা পাতা রক্ষা করতে হিমশিম খাচ্ছেন তারা।
জানা গেছে, পঞ্চগড়সহ রংপুর বিভাগের পাঁচটি জেলায় চা-শিল্পের জন্য কৃষি বিভাগে কোনো সার বরাদ্দ না থাকায় ইউরিয়া ও ডেপ সারের তীব্র সংকট দেখা দিয়েছে। এর ফলে কাঁচা সবুজ পাতা তোলার ভরা মৌসুমে চাষিরা সঠিক সময়ে বাগানে সার প্রয়োগ করতে পারছেন না। এছাড়াও লোফার ও লাল মাকড় রোগের উপদ্রব বেড়ে যাওয়ায় বাগান রক্ষার্থে উত্তরাঞ্চলের সমতলের চা-চাষিরা চরম বিপাকে পড়েছেন।
বাংলাদেশ চা বোর্ড, পঞ্চগড় অফিসের ২০২৫ সালের তথ্য অনুযায়ী, উত্তরবঙ্গ রংপুর বিভাগের আটটি জেলার মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী ও লালমনিরহাটসহ পাঁচটি জেলায় মোট ৮ হাজার ৪০১টি ক্ষুদ্রায়তন চা-বাগান রয়েছে। এর মধ্যে ১২টি বড় নিবন্ধিত এবং ১৮টি অনিবন্ধিত চা-বাগান। এছাড়া ২ হাজার ২২৫টি ক্ষুদ্রায়তন নিবন্ধিত ও ৬ হাজার ১৪৬টি অনিবন্ধিত ক্ষুদ্রায়তন চা-বাগান রয়েছে। এসব বাগান থেকে মোট ৯ কোটি ৭৭ লাখ ৪৬ হাজার ৬১১ কেজি কাঁচা সবুজ চা পাতা উৎপাদিত হয়েছে। পঞ্চগড়ে ৩০টি এবং ঠাকুরগাঁওয়ে একটিসহ মোট ৩১টি চা কারখানায় ২ কোটি ২ লাখ ৪২ হাজার ৫২ কেজি তৈরি চা উৎপন্ন হয়েছে, যা জাতীয় উৎপাদনে ২১.৩৩ শতাংশ অবদান রাখে। বিগত বছরের তুলনায় সমতলে চা আবাদ ৭৩.২ একর এবং ৫৮.১ লাখ কেজি সবুজ কাঁচা পাতা বেশি উৎপাদন হয়েছে।
তেঁতুলিয়া সদরের মাগুড়া গ্রামের চা-চাষি আব্দুল লতিফ জানান, আবহাওয়া ও জলবায়ুর বিরূপ প্রভাবে বাগানে মশক, লাল মাকড়, কারেন্ট পোকা ও লোফারসহ নানা জাতের পোকা এবং মাত্রাতিরিক্ত পাতা ও ডগার কুঁড়ি পচন রোগবালাইয়ের আক্রমণ বেড়েছে। এতে বাগান টিকিয়ে রাখতে উৎপাদন খরচ দ্বিগুণ হয়েছে। কিন্তু সঠিক সময়ে সার ও কীটনাশক না পেয়ে বাগানের পরিচর্যা এবং ভালো পাতা উৎপাদনে তারা হিমশিম খাচ্ছেন। প্রয়োজনীয় সার ও কীটনাশকের জন্য জেলা ও উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা জানান, চা-শিল্পের জন্য তাদের কাছে সার ও কীটনাশক বরাদ্দ নেই। নিরুপায় হয়ে চা-চাষিরা ফিরে আসছেন। তেঁতুলিয়ার চা-চাষি আব্দুল লতিফ, হাফিজুর রহমান, হবিবর রহমান এবং পঞ্চগড় সদরের শাহজালাল, রফিকসহ আরও অনেক চাষি একই অভিযোগ করেছেন। তারা জানান, সরকার তাদের কাছ থেকে টেক্স ও ভ্যাট ঠিকই আদায় করছে।
রিপোর্টারের নাম 

























