স্বাস্থ্যখাতে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেশের ১০টি জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু হতে যাচ্ছে। জরুরি রেসপন্স ও মহামারি প্রস্তুতি (ইআরপিপি) প্রকল্পের অধীনে এই অত্যাধুনিক আইসিইউগুলো স্থাপন করা হয়েছে। রোববার এসব হাসপাতালের আইসিইউ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
নতুন আইসিইউ সুবিধা পেতে যাওয়া হাসপাতালগুলো হলো: মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল, টাঙ্গাইল ২৫০ শয্যা জেলা হাসপাতাল, সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, চুয়াডাঙ্গা জেলা হাসপাতাল, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, মাদারীপুর জেলা হাসপাতাল এবং বাগেরহাট জেলা হাসপাতাল। প্রতিটি আইসিইউতে শিশুদের জন্য বিশেষ ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেন্ট্রেটরসহ প্রয়োজনীয় সকল সরঞ্জাম সরবরাহ করা হয়েছে এবং জনবল নিয়োগও সম্পন্ন হয়েছে। এর ফলে জেলা পর্যায়ে শিশু ও প্রাপ্তবয়স্ক জটিল রোগীদের জন্য উন্নতমানের জরুরি ও নিবিড় চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে।
রোববার সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রধান উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে বাকি ৯টি হাসপাতাল ভার্চুয়ালি যুক্ত থাকবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন যে, এই আইসিইউগুলো চালু হলে জেলা পর্যায়ের রোগীদের উন্নত ক্রিটিক্যাল কেয়ার সেবার জন্য আর ঢাকা বা বড় শহরের উপর নির্ভর করতে হবে না, যা স্বাস্থ্যখাতে একটি বড় স্বস্তি এনে দেবে।
রিপোর্টারের নাম 



















