ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় সাত ফুট লম্বা একটি বিশাল কুমির। সোমবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের কাজী বাড়ির ঘাট সংলগ্ন জলমহাল এলাকায় কুমিরটি বড়শিতে আটকে পড়ে। চাঞ্চল্যকর এই ঘটনার পর কুমিরটিকে দেখতে নদীর পাড়ে ভিড় করছেন শত শত উৎসুক জনতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার ভোর ৬টার দিকে পদ্মা নদীতে পাতা হাজারী বড়শি থেকে মাছ সংগ্রহ করতে যান জেলে সাগর বেপারী। এ সময় তিনি দেখতে পান, তার বড়শিতে বিশাল একটি কুমির আটকে আছে। পরে অন্য চারজন জেলের সহায়তায় অনেক প্রচেষ্টার পর কুমিরটিকে উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসা হয়। বর্তমানে কুমিরটি যাতে কোনো ক্ষতি করতে না পারে এবং সুস্থ থাকে, সেজন্য সেটিকে নদীর অল্প পানিতে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে।
জেলে সাগর বেপারী জানান, কুমিরটি বড়শিতে আটকা পড়ার পর তার প্রায় ১৬ হাজার টাকার সরঞ্জাম নষ্ট হয়ে গেছে। খবর পেয়ে উপজেলা বন বিভাগের কর্মকর্তা ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কুমিরটির নিরাপত্তা নিশ্চিত করেছেন। বন বিভাগ জানিয়েছে, খুলনার বন্যপ্রাণী সংরক্ষণ টিমকে খবর দেওয়া হয়েছে; তারা পৌঁছালে কুমিরটিকে তাদের হাতে তুলে দেওয়া হবে।
রিপোর্টারের নাম 























