নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে পল্লীবিদ্যুতের একটি উপকেন্দ্র থেকে অস্ত্রের মুখে নিরাপত্তা প্রহরী ও লাইনম্যানকে জিম্মি করে ক্যাবল ও মূল্যবান যন্ত্রাংশ লুট করেছে একদল দুর্বৃত্ত। এই ঘটনার ফলে উপজেলার চারটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে, জনজীবনে নেমে এসেছে ভোগান্তি।
রোববার ভোরে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পলাশ উপজেলার ঘোড়াশালের ভাগদী ২০ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রটিতে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ডিসকানেক্ট সুইচের ব্লেড, কন্ট্রোল প্যানেল ক্যাবল এবং রাইজারের তার কেটে নিয়ে যায়। চলতি লাইন থেকে তার কেটে নেওয়ার কারণে পলাশ উপজেলার ভাগদী, রাজাবোসহ চারটি গ্রামের বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।
নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ঘোড়াশাল জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. মনোয়ার হোসেন সুমন জানান, ভোরে ভাগদী সাব-স্টেশনে কর্তব্যরত লাইনম্যান আব্দুল ওয়াজেদ ও নিরাপত্তা প্রহরী ইয়াসিনকে ৫ থেকে ৬ জনের একটি দুর্বৃত্ত দল মোটরসাইকেলে এসে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। লুটপাট শেষে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পল্লীবিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও পলাশ থানা পুলিশকে বিষয়টি জানানো হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে।
রিপোর্টারের নাম 






















