১৯৮২ সালের জনপ্রিয় সিনেমা ‘মানসী’-এর কালজয়ী গান ‘এই মন তোমাকে দিলাম’ নতুন সংগীতায়োজনে ফিরে এসেছে। কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন নিজেই গানটি নতুন করে গেয়েছেন ঈদে মুক্তিপ্রাপ্ত ‘দম’ সিনেমার জন্য, যা দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে।
বড় পর্দায় দর্শকদের মন জয় করার পর গত বৃহস্পতিবার বিকেলে ওটিটি প্ল্যাটফর্ম চরকির ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। প্রকাশের পর থেকেই এটি নেটিজেনদের মধ্যে নস্টালজিয়া ও মুগ্ধতা ছড়িয়েছে। ভিডিওটির কমেন্ট বক্সে অসংখ্য শ্রোতা সাবিনা ইয়াসমিনের কণ্ঠের জাদুতে আবেগপ্রবণ হওয়ার কথা জানিয়েছেন।
অনেকেই গানটির নতুন সংস্করণে মুগ্ধ হয়ে বারবার শোনার আগ্রহ প্রকাশ করেছেন। ইউটিউবে প্রকাশের মাত্র এক দিনের মধ্যেই গানটি ১ লাখ ২৯ হাজারেরও বেশি দর্শক দেখেছেন, যা এর জনপ্রিয়তার প্রমাণ।
কালজয়ী এই গানের নতুন সংগীতায়োজন করেছেন আরাফাত মহসিন। সাবিনা ইয়াসমিনের সঙ্গে ডুয়েট ভার্সনে কণ্ঠ দিয়েছেন মোমিন ইসলাম।
রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমার একটি বড় অংশের দৃশ্যধারণ হয়েছে কাজাখস্তানে। সিনেমাটির গল্প একজন এনজিও কর্মীর আফগানিস্তানে বন্দিদশা এবং সেখান থেকে বেঁচে ফেরার আকুতি নিয়ে আবর্তিত। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও পূজা চেরী। এছাড়াও চঞ্চল চৌধুরী, জাহিদ হাসান, আবুল হায়াত এবং ডলি জহুরসহ একঝাঁক তারকা এতে অভিনয় করেছেন। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি প্রযোজিত এই সিনেমার অন্যতম বড় চমক ছিল সাবিনা ইয়াসমিনের এই প্লেব্যাক।
রিপোর্টারের নাম 

























