তীব্র গরমে জনজীবন যখন ওষ্ঠাগত, তখন সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে শিশুরা। বড়দের তুলনায় শিশুদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা কম এবং ত্বক অত্যন্ত সংবেদনশীল হওয়ায় এই সময়ে তাদের জন্য বিশেষ যত্নের প্রয়োজন হয়। বিশেষ করে পোশাক নির্বাচনের ক্ষেত্রে অভিভাবকদের অধিক সচেতন হওয়া জরুরি। সঠিক পোশাক যেমন শিশুকে প্রশান্তি দেবে, তেমনি তাকে নানা শারীরিক জটিলতা থেকেও দূরে রাখবে।
গ্রীষ্মের এই দাবদাহে শিশুদের জন্য সুতি কাপড়ের কোনো বিকল্প নেই। সুতি কাপড় দ্রুত ঘাম শোষণ করে এবং শরীরে বাতাস চলাচলে সহায়তা করে, যা শিশুকে শীতল রাখতে সাহায্য করে। এ সময় গাঢ় রঙের বদলে সাদা, হালকা নীল, হালকা গোলাপি, আকাশি বা লেবু রঙের মতো হালকা রঙের পোশাক বেছে নেওয়া উত্তম। গাঢ় রঙের কাপড় তাপ শোষণ করে শরীরকে আরও উত্তপ্ত করে তোলে, অন্যদিকে হালকা রঙের পোশাক তাপ প্রতিফলিত করে চোখের ও শরীরের আরাম নিশ্চিত করে।
পোশাকের কাটিং বা ডিজাইনের ক্ষেত্রেও পরিবর্তন আনা জরুরি। গরমে শিশুদের আঁটসাঁট পোশাক না পরিয়ে ঢিলেঢালা ও খোলামেলা পোশাক পরানো উচিত। অতিরিক্ত নকশা, লেস বা কারুকাজ করা পোশাক শিশুদের ত্বকে চুলকানি, ঘামাচি বা অ্যালার্জির উদ্রেক করতে পারে। তাই ফ্যাশনের চেয়ে আরামকে প্রাধান্য দিয়ে সাধারণ ও পাতলা সুতির পোশাকই হোক এই সময়ের প্রথম পছন্দ। প্রয়োজনে দিনে কয়েকবার পোশাক বদলে দিলে শিশু চনমনে ও সুস্থ থাকবে।
রিপোর্টারের নাম 

























