চলচ্চিত্র প্রযোজনার নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরীর বাবা দেবু প্রসাদ রায় গ্রেপ্তার হওয়ার পর অবশেষে মুখ খুলেছেন এই অভিনেত্রী। ব্যবসায়ী মিজানুর রহমানের দায়ের করা এক প্রতারণা মামলায় গত ১৮ এপ্রিল তার বাবা গ্রেপ্তার হলেও বিষয়টি জনসমক্ষে আসে গত ২৫ এপ্রিল। ২৬ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে পূজা চেরী বর্তমান পরিস্থিতিতে সৃষ্ট বিভ্রান্তি এড়াতে তার অবস্থান স্পষ্ট করেন।
পূজা চেরী তার পোস্টে উল্লেখ করেন, ‘সম্প্রতি আমার বাবা দেব প্রসাদ রায়-এর গ্রেপ্তার এবং আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে আমি অসংখ্য ফোন কল এবং বার্তা পাচ্ছি। সার্বিক পরিস্থিতিতে বিভ্রান্তি এড়াতে আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই।’
তিনি দৃঢ়ভাবে জানান, তার বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সাথে ব্যক্তিগতভাবে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। পূজা চেরী বলেন, তিনি দীর্ঘ ১০-১২ বছর ধরে মিডিয়ায় কাজ করছেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ক্যারিয়ার ও জীবনযাপনের খরচ সম্পূর্ণভাবে নিজেই নির্বাহ করে আসছেন। তার বাবার কোনো ধরনের ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক লেনদেনের সাথে তার বিন্দুমাত্র সম্পর্ক নেই, এমনকি তিনি বর্তমানে কোনো প্রোডাকশন হাউজ বা প্রযোজনা প্রতিষ্ঠানের মালিকানার সাথেও যুক্ত নন।
শিল্পী হিসেবে দর্শকদের ভালোবাসা ও সম্মানের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকার কথা উল্লেখ করে পূজা চেরী বলেন, পরিবারের সদস্য হওয়ার সূত্রে উদ্ভূত এই পরিস্থিতি তার জন্য মানসিকভাবে কষ্টদায়ক। তবে এটি একান্তই তার বাবার ব্যক্তিগত আইনি বিষয়। তিনি আশা প্রকাশ করেন যে, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং সত্য উদঘাটিত হবে। মামলাটির তদন্ত চলমান রয়েছে এবং বিজ্ঞ আদালতই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
সবশেষে, এই স্পর্শকাতর সময়ে অহেতুক তাকে বা তার কাজকে এই ঘটনার সাথে না জড়ানোর জন্য বিনীত অনুরোধ করেন এই নায়িকা। তিনি তার দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের পাশে চেয়েছেন।
রিপোর্টারের নাম 

























