নিজের পরিবার, সন্তান ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ‘ভুল ও ভিত্তিহীন’ খবর প্রকাশের প্রতিবাদ জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সালমা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে তিনি এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।
স্ট্যাটাসে সালমা উল্লেখ করেন, তিনি একটি সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মানুষ এবং সকলের দোয়ায় গানের জগতে নিজের একটি ছোট জায়গা করে নিতে পেরেছেন। জীবনের নানা বাঁকে বিয়ে ও সংসারের মধ্যেও সংগীতশিল্পী হিসেবে নিজের পরিচয়কেই তিনি বেশি গুরুত্ব দিয়েছেন, কারণ গানের মধ্যেই তিনি খুঁজে পান তার ফেলে আসা দিন, কষ্ট ও সংগ্রামের গল্প।
ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে এই শিল্পী বলেন, সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তিত হয়েছে। কিছু সম্পর্ক পরিবর্তিত হয়েছে, অনেক কথা হয়েছে, অনেক সময় পেরিয়েছে। তবে তিনি বিশ্বাস করেন, যে যার জায়গায় থেকেও ভালো আছেন।
সন্তান স্নেহার প্রসঙ্গে সালমা জানান, রাজনৈতিক পরিস্থিতির কারণে স্নেহার বাবার অবস্থানের পরিবর্তনের পর স্নেহা অনেকটা মা-বাবা বেঁচে থেকেও এতিমের মতো জীবন যাপন করছিল। একজন মা হিসেবে এটি মেনে নিতে না পেরে তিনি স্নেহার বাবার সঙ্গে কথা বলে তাকে নিজের কাছে নিয়ে আসেন।
সাবেক স্বামী শিবলী সাদিকের বিষয়ে সালমা বলেন, দেশের মানুষের কাছে পরিচিত এই রাজনৈতিক ব্যক্তিত্ব সবসময়ই অসহায় মানুষের পাশে থেকেছেন। ব্যক্তিগত জীবনে নানা শূন্যতার মধ্য দিয়ে বড় হলেও তিনি মানুষের কল্যাণেই কাজ করে গেছেন।
সম্প্রতি একটি পত্রিকায় স্নেহাকে নিয়ে ‘ভুল ও ভিত্তিহীন’ সংবাদ প্রকাশের অভিযোগ এনে সালমা এটিকে দুঃখজনক আখ্যা দেন। তিনি বলেন, দুঃসময়ে কাউকে নিয়ে কিছু লেখার আগে গণমাধ্যমের আরও দায়িত্বশীল হওয়া উচিত।
একসময় যে সম্পর্কগুলো মানুষের গর্বের বিষয় ছিল, এখন সেগুলোই ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বলে তিনি নিন্দা জানান। সালমা তার সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে তাদের বাবাকে নিয়ে ‘উল্টাপাল্টা লেখা’ বন্ধ করার আহ্বান জানান। তার ভাষায়, বাবার পরিচয় সন্তানের বড় পরিচয় এবং এ ধরনের ভুল খবর তার সন্তানদের সবচেয়ে বেশি কষ্ট দেয়।
সবশেষে সালমা দেশের সবার মঙ্গল কামনা করে বলেন, তিনি ও তার পরিবার ভালো আছেন এবং সকলের কাছে দোয়া চান। পাশাপাশি গণমাধ্যমকে ভালো গানের কাজ ও ইতিবাচক বিষয়গুলো তুলে ধরার আহ্বানও জানান এই শিল্পী।
রিপোর্টারের নাম 
























