ঢাকা বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রেসক্লাব। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটির নেতৃবৃন্দ এই প্রতিবাদ জানান। একইসঙ্গে তারা হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।
শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলমের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নোমান ফয়সালসহ সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি মুক্ত গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। সত্যকে ধামাচাপা দিতেই একটি মহল বারবার গণমাধ্যমকর্মীদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে দেশের গণতান্ত্রিক পরিবেশ হুমকির মুখে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে নোমান ফয়সাল বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করতে ভয়ভীতি বা হামলা চালিয়ে অতীতে কেউ সফল হয়নি, ভবিষ্যতেও হবে না। এ ধরনের অপচেষ্টা সাংবাদিকদের আরও ঐক্যবদ্ধ করবে। মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ঘোষিত তিন দফা দাবির প্রতি সংহতি প্রকাশ করে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের আহ্বান জানানো হয়। উল্লেখ্য, গত ২৩ এপ্রিল রাজধানীর শাহবাগে দায়িত্ব পালনকালে অন্তত ১০ জন সাংবাদিক হামলার শিকার হন, যাতে ছাত্রদলের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
রিপোর্টারের নাম 
























