প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর কন্যা জায়মা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি আপত্তিকর ছবি ও ভুয়া স্ক্রিনশটকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের সৃষ্টি হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেকিং ইউনিট ‘বাংলা ফ্যাক্ট’ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে, এই সংঘাতের মূলে ছিল পরিকল্পিতভাবে তৈরি করা একটি ভুয়া স্ক্রিনশট।
অনুসন্ধানে দেখা যায়, ‘Eshan Chowdhury’ নামক একটি ফেসবুক আইডি থেকে এআই (AI) ব্যবহার করে ছবি দুটি তৈরি করে পোস্ট করা হয়েছিল। পরবর্তীতে সেই মূল পোস্টের স্ক্রিনশট নিয়ে এডিট করে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদের নাম বসিয়ে দিয়ে সুকৌশলে ছড়িয়ে দেওয়া হয়।
বাংলা ফ্যাক্টের বিশ্লেষণ অনুযায়ী, জালিয়াতির বিষয়টি বেশ কিছু সুনির্দিষ্ট প্রমাণের মাধ্যমে স্পষ্ট হয়েছে। প্রথমত, মূল পোস্টে ‘Ahmed Habib’ নামক এক ব্যক্তির মন্তব্যের সময়ের ব্যবধান এবং বিকৃত করা স্ক্রিনশটটিতে ওই মন্তব্যের সময়ের ব্যবধান হুবহু একই (১২ মিনিট) রয়ে গেছে। দ্বিতীয়ত, ছবি সম্পাদনার ত্রুটির কারণে ভুয়া স্ক্রিনশটটিতে বাংলা ‘ই-কার’ বা ‘উড়ানি’ নষ্ট হয়ে গেছে, যা এটি জাল হওয়ার অকাট্য প্রমাণ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই বিকৃত স্ক্রিনশটটি শুরুতে ছাত্রলীগ নেতা গাজী আশরাফুল ইসলাম শ্রাবণ ও অরণ্য আবিরের মতো আওয়ামী লীগপন্থী বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজ থেকে উসকানিমূলক বার্তার মাধ্যমে প্রচার করা হয়। পরবর্তীতে বিষয়টির সত্যতা যাচাই না করেই ছাত্রদলের অনেক নেতাকর্মী এটিকে আসল মনে করে শেয়ার করলে শাহবাগ থানা ও ক্যাম্পাস এলাকায় দুই ছাত্র সংগঠনের মধ্যে চরম উত্তেজনা ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
রিপোর্টারের নাম 
























