ঢাকার ইতিহাস কেবল চার শ বছরের মোগল শাসনের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। প্রত্নতাত্ত্বিক গবেষণা ও অনুসন্ধানে বুড়িগঙ্গা তীরের এই জনপদে আড়াই হাজার বছর আগের সভ্যতার অস্তিত্ব পাওয়া গেছে। সুলতানি আমল থেকে শুরু করে মোগল সুবেদারদের শাসনামলে ঢাকা হয়ে ওঠে পূর্ব ভারতের এক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র।
পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের প্রত্নতাত্ত্বিক খননকাজে প্রাপ্ত প্রাচীন মৃৎপাত্র ও সাসানীয় যুগের নিদর্শন প্রমাণ করে যে, প্রাচীনকাল থেকেই এই অঞ্চল আন্তর্জাতিক সিল্ক রুট ও বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল। ইসলাম খান চিশতি থেকে শুরু করে মীর জুমলা—পর্যায়ক্রমে বিভিন্ন শাসকের হাত ধরে ঢাকা তার আধুনিক রূপ পায়। স্থানীয় সংস্কৃতির সঙ্গে মুসলিম ঐতিহ্যের এক অনন্য সংমিশ্রণে গড়ে ওঠা এই শহর আজও তার ঐতিহাসিক গৌরব বহন করে চলেছে।
রিপোর্টারের নাম 

























