পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাচ্ছেন ঢাকাই সিনেমার সোনালী দিনের জনপ্রিয় চিত্রনায়িকা গুলশান আরা আক্তার চম্পা। তার সঙ্গে পরিবারের সদস্যরাও থাকবেন বলে নিশ্চিত করেছেন তিনি নিজেই। জীবনের এই নতুন অধ্যায়ের জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
বরেণ্য এই অভিনেত্রী জানান, তার বড় দুই বোন—অভিনেত্রী সুচন্দা ও ববিতা ইতোমধ্যেই হজ সম্পন্ন করেছেন। হজে যাওয়ার প্রস্তুতি প্রসঙ্গে চম্পা বলেন, ‘আপা দুজনেই হজ করেছেন। তখন নানা কারণে আমার যাওয়া হয়ে ওঠেনি। এবার আল্লাহ সুযোগ দিয়েছেন। সবকিছু ঠিক থাকলে পরিবারের সদস্য ও ভাইকে নিয়ে এ বছরই হজ পালন করবো ইনশাআল্লাহ।’
মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করা চম্পা ১৯৮৫ সালে ‘তিন কন্যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। এরপর ‘পদ্মা নদীর মাঝি’, ‘শঙ্খনীল কারাগার’, ‘পদ্মা মেঘনা যমুনা’, ‘অন্য জীবন’ এবং ‘মনের মানুষ’-এর মতো অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা চম্পা পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন।
রিপোর্টারের নাম 

























