নীলফামারীর জলঢাকায় বজ্রপাতের মর্মান্তিক ঘটনায় লাবলু হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত লাবলু হোসেন উপজেলার কাঠালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।
সোমবার (২০ এপ্রিল) সকাল প্রায় ১০টার দিকে এই ঘটনা ঘটে। জলঢাকা উপজেলার খালিসা খুটামারা থেকে দক্ষিণ দেশিবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্তারুজ্জামান (৩৮)কে অটোভ্যানে করে স্কুলে নেওয়ার সময় আকস্মিকভাবে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই লাবলু হোসেন নিহত হন। এ সময় শিক্ষক আক্তারুজ্জামানও আহত হন, তার বুকের ডান পাশ পুড়ে গেছে।
স্থানীয়দের সহায়তায় নিহত লাবলু হোসেনের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। আহত শিক্ষক আক্তারুজ্জামানকে প্রথমে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রিপোর্টারের নাম 

























