মাদারীপুরের ডাসার উপজেলায় অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ ভোজ্যতেল উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব। রোববার রাতে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াশার বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে একটি গুদাম থেকে ৩৭ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা লাভের আশায় মেসার্স সরদার ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে এই তেল মজুত করা হয়েছিল। প্রতিষ্ঠানটির মালিক সাবেক সেনাসদস্য বাচ্চু সরদার। অভিযানের সময় অবৈধ মজুতের দায়ে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দ মন্ডল জানান, জব্দকৃত তেল দ্রুত বাজারে সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
রিপোর্টারের নাম 

























