রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিশালাকৃতির দুটি কাতল মাছ। মাছ দুটির সম্মিলিত ওজন প্রায় সাড়ে ৪৪ কেজি, যা বাজারে ৮৮ হাজার ১৫০ টাকায় বিক্রি হয়েছে। বিশাল এই মাছ দেখতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় উৎসুক জনতার ভিড় জমে যায়।
জেলে ও স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, শনিবার রাতে পদ্মা ও যমুনার মোহনায় মাছ ধরতে যান জীবন হালদার ও গফুর প্রামাণিক। ভোরের দিকে তাদের জালে ধরা পড়ে ১৯ কেজি ৫০০ গ্রাম এবং ২৫ কেজি ওজনের দুটি কাতল। সকালে মাছ দুটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটের আড়তে আনা হলে দেখার জন্য মানুষের ঢল নামে।
উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছ দুটি কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। পরে তিনি এক অস্ট্রেলিয়া প্রবাসীর কাছে ৮৮ হাজার ১৫০ টাকায় মাছ দুটি বিক্রি করেন। স্থানীয়দের মতে, এ ধরনের বড় মাছ এখন নদীতে খুব কমই দেখা যায়।
মৎস্য কর্মকর্তাদের মতে, ইলিশ ধরার ওপর মৌসুমি নিষেধাজ্ঞা চলায় নদীতে অন্যান্য প্রজাতির বড় মাছের সংখ্যা ও আকার বৃদ্ধি পাচ্ছে। ফলে কাতল, রুই ও বোয়ালের মতো বড় মাছ বেশি ধরা পড়ছে, যা জেলেদের জন্য ইতিবাচক ফল বয়ে আনছে।
রিপোর্টারের নাম 

























