বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সংলগ্ন একটি গ্রাম থেকে একটি চিত্রল হরিণ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, বাঘের তাড়া খেয়ে আত্মরক্ষার্থে হরিণটি নদী পার হয়ে লোকালয়ে চলে আসে। পরে বনবিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় সেটিকে নিরাপদে বনে ফিরিয়ে দেওয়া হয়।
রোববার সকালে উপজেলার খুড়িয়াখালী গ্রামের একটি বাড়িতে হরিণটিকে ভেজা অবস্থায় দেখতে পান বাসিন্দারা। খবর পেয়ে বনবিভাগের শরণখোলা রেঞ্জ অফিস, ওয়াইল্ড টিম এবং ভিলেজ টাইগার রেসপন্স টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া স্ত্রী হরিণটির ওজন প্রায় ২৫ কেজি।
বন কর্মকর্তারা জানান, হরিণ অত্যন্ত সংবেদনশীল প্রাণী এবং দ্রুত আতঙ্কিত হয়ে পড়ে। তবে সময়মতো ও প্রশিক্ষিত উদ্ধারকর্মীদের উপস্থিতির কারণে কোনো ক্ষতি ছাড়াই হরিণটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে হরিণটিকে সুন্দরবনের গহীন অরণ্যে অবমুক্ত করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























