জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ভুয়া রেজিস্ট্রেশন সনদ ব্যবহার করে ফুয়েল কার্ড নেওয়ার চেষ্টাকালে দুই যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী।
জানা গেছে, সিয়াম মিয়া নামের এক যুবক জাল রেজিস্ট্রেশন সনদ জমা দিয়ে ফুয়েল কার্ডের জন্য আবেদন করেন। যাচাই-বাছাইয়ের সময় সনদে জালিয়াতির বিষয়টি ধরা পড়লে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, স্থানীয় একটি কম্পিউটার দোকানের মালিক কামরুল হাসানের সহযোগিতায় তিনি এই জাল সনদ তৈরি করেছেন। পরবর্তীতে ‘রায়হান কম্পিউটার’ নামে ওই দোকানে অভিযান চালিয়ে কামরুলকেও আটক করা হয়।
অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারায় অভিযুক্ত দুই যুবককে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। ইউএনও সুমন চৌধুরী জানান, জালিয়াতি প্রতিরোধে প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 






















