সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সৌদিয়ার এ বছরের প্রথম হজ ফ্লাইট উদ্বোধন উপলক্ষে গতকাল রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ‘মক্কা রুট’ কর্মসূচির আওতায় হজযাত্রীদের জন্য সহজতর সেবা কার্যক্রমও তুলে ধরা হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজ খানম রিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি হজযাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া কামনা করেন। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবনে ধাফের ইবনে উবাইয়া, মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আক্তার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, গ্যালাক্সি বাংলাদেশ গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ ইউসুফ ওয়ালিদ এবং বাংলাদেশে সৌদিয়ার কান্ট্রি ম্যানেজার সালমান আল আলালি উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এবারের হজ কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে সৌদিয়া হজ-সংক্রান্ত বিক্রয় ও বিতরণ কার্যক্রমকে সম্পূর্ণভাবে ডিজিটাল ব্যবস্থায় নিয়ে এসেছে। ‘রুট টু মক্কা’ কর্মসূচির আওতায় ঢাকার হজ ক্যাম্পেই ইমিগ্রেশন, লাগেজ চেক-ইনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ায় হজযাত্রীরা নির্বিঘ্নে যাত্রা শুরু করতে পারছেন। এতে তাদের সময় ও ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমেছে বলে তারা উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 

























