বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা হিসেবে দক্ষিণ কোরিয়া সরকার ২০ হাজার মেট্রিক টন চাল পাঠিয়েছে। সিউলে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মাধ্যমে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এই সহায়তা বিতরণ করা হবে।
দক্ষিণ কোরিয়ার কৃষি, খাদ্য ও পল্লী বিষয়ক মন্ত্রণালয় (এমএএফআরএ) গত ১ অক্টোবর গুনসান বন্দরে চালবাহী জাহাজের বন্দর ত্যাগ অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর তারাজুল ইসলাম এই অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মকর্তা, ডব্লিউএফপি’র উপ-আঞ্চলিক পরিচালক এবং স্থানীয় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে যোগ দেন।
কাউন্সেলর তারাজুল ইসলাম মানবিক কার্যক্রমে অব্যাহত সহায়তার জন্য দক্ষিণ কোরিয়াকে ধন্যবাদ জানান, বিশেষত যখন বিশ্বজুড়ে এই নির্যাতিত মানুষের জন্য সহায়তার তীব্র ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন এবং পুনর্বাসন নিশ্চিত করতে কোরিয়া প্রজাতন্ত্রের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন।
রিপোর্টারের নাম 


















