বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও রপ্তানি চ্যালেঞ্জের মুখেও ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) অসামান্য সাফল্য অর্জন করেছে। বিদায়ী অর্থবছরে দেশের মোট রপ্তানির ১৭ দশমিক ৫১ শতাংশ এসেছে বেপজা এলাকা থেকে। সংস্থাটির তথ্যমতে, এই সময়ে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৮ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলারে, যা গত বছরের তুলনায় ২ দশমিক ২ শতাংশ বেশি।
বিনিয়োগের ক্ষেত্রেও বেপজা গড়েছে নতুন রেকর্ড। এ অর্থবছরে চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের ৩৬টি প্রতিষ্ঠানের সাথে ৭১৭ দশমিক ৭১ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ চুক্তি হয়েছে। এই বিনিয়োগ বাস্তবায়িত হলে প্রায় ৭৫ হাজার ৭৪৪ জন বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রচলিত পোশাক শিল্পের বাইরে ইলেকট্রনিক্স, খেলনা, চামড়াজাত পণ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্যের মতো বৈচিত্র্যময় খাতে বিনিয়োগের এই জোয়ার বেপজার দক্ষ ব্যবস্থাপনারই প্রতিফলন।
রিপোর্টারের নাম 
























