নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরে কুমার দ্বীজেন্দ্র পাবলিক লাইব্রেরির বেদখল হওয়া জমি উদ্ধারের অংশ হিসেবে সেখানে নির্মিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয় উচ্ছেদ করা হয়েছে। লাইব্রেরি কর্তৃপক্ষের দাবি, ১৯৪০ সালে মহারাজা ভূপেন্দ্র চন্দ্র সিংহ শর্মা কর্তৃক প্রতিষ্ঠিত এই লাইব্রেরির নিজস্ব জায়গা দীর্ঘ সময় ধরে দখলে ছিল। বর্তমানে লাইব্রেরি কর্তৃপক্ষের উদ্যোগে সেই ভবন অপসারণের মাধ্যমে জায়গাটি পুনরুদ্ধার করা হচ্ছে।
জানা যায়, ১৯৯৭ সালে তৎকালীন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের উদ্যোগে লাইব্রেরির জমিতে আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করা হয় এবং পরবর্তীতে তা সম্প্রসারণ করা হয়। সাম্প্রতিক সময়ে লাইব্রেরি কর্তৃপক্ষ এই জায়গা উদ্ধারে উদ্যোগী হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হলেও কর্তৃপক্ষ একে কোনো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কার্যক্রম নয় বরং নিজস্ব সম্পত্তি পুনরুদ্ধারের প্রক্রিয়া হিসেবেই অভিহিত করেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, প্রশাসনের পক্ষ থেকে কোনো উচ্ছেদ অভিযান চালানো হয়নি, বরং লাইব্রেরি কর্তৃপক্ষ নিজেরাই তাদের দখল হওয়া জায়গা পুনরুদ্ধারে ভবন অপসারণের কাজ করছে। এ বিষয়ে লাইব্রেরি সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মন্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 























