ফেনীতে ইউটিউবে প্রদর্শিত একটি ভিডিও দেখে বিকল্প উপায়ে অকটেন তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়ে নুর আলম মাসুদ নামে এক অয়েল মিল মালিকের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত মাসুদ জেলার সোনাগাজী পৌর শহরের ‘সততা অয়েল মিলস’-এর মালিক ছিলেন।
নিহতের স্বজনরা জানান, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সততা অয়েল মিলস’ প্রতিষ্ঠানে তিনি বিকল্প উপায়ে অকটেন তৈরির কাজ করছিলেন। এ সময় অতিরিক্ত তাপমাত্রার কারণে একটি পাইপ হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে তিনি এবং তার সহকর্মী মো. ওমর ফারুক গুরুতর দগ্ধ হন। ঘটনার দিন তার ভাই নতুন একটি পদ্ধতিতে অকটেন তৈরির কাজ করছিলেন এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে বলে নিহতের ভাই মোর্শেদ জানান।
গুরুতর দগ্ধ সহকর্মী মো. ওমর ফারুক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) শফিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 























