চট্টগ্রামের আগ্রাবাদে সিডিএর আইন অমান্য করে বহুতল ভবন নির্মাণ এবং জমির মালিকদের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে ‘কোরাল রীফ প্রপার্টিজ’ নামক একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ১৫ তলা ভবন নির্মাণ করলেও জমির মালিকদের প্রাপ্য ফ্ল্যাট বুঝিয়ে না দিয়ে উল্টো জালিয়াতির আশ্রয় নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অনুসন্ধানেও এই প্রতারণার প্রাথমিক সত্যতা মিলেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০১২ সালে আগ্রাবাদের একটি পরিবারের সাথে ৩৮ শতক জমিতে ভবন নির্মাণের চুক্তি করে প্রতিষ্ঠানটি। চুক্তিতে ৩ বছরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও এক যুগেও তা সম্পন্ন হয়নি। উল্টো জমির মালিকদের স্বাক্ষর জাল করে ভুয়া চুক্তি তৈরি এবং নির্ধারিত ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া একই ফ্ল্যাট একাধিক ব্যক্তির কাছে বিক্রি করার মতো গুরুতর অনিয়মের তথ্যও সামনে এসেছে।
ভুক্তভোগী জমির মালিকরা জানান, পাওনা দাবি করলে তাদের মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বর্তমানে মামলাটি সিআইডির তদন্তাধীন রয়েছে এবং পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে ডেভলাপার প্রতিষ্ঠানের মালিকপক্ষের ফেঁসে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগীরা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
রিপোর্টারের নাম 

























