‘বাংলাদেশের সুর: মাটি ও মানুষ’ এই স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘জাহাঙ্গীরনগর ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৬’। বিশ্ববিদ্যালয়ের টিএসসি-ভিত্তিক সংগঠন বাংলা থিয়েটার এই উৎসবের আয়োজন করে। গত ১৪ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপী এই উৎসব জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হয় এবং বৃহস্পতিবার রাতে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এর পর্দা নামে।
উৎসব চলাকালীন তরুণ ও প্রবীণ চলচ্চিত্রকারদের শর্ট ফিল্ম এবং ফিচার ফিল্ম প্রদর্শনের পাশাপাশি চলচ্চিত্রপ্রেমীদের জন্য চারটি মাস্টারক্লাস এবং ‘আওয়ার স্টোরিজ’ শীর্ষক মতবিনিময় পর্বের আয়োজন করা হয়। এতে বিশেষ আকর্ষণ হিসেবে ‘বনলতা এক্সপ্রেস’ টিমের সদস্যরা দর্শকদের সঙ্গে তাদের অভিজ্ঞতা ভাগ করে নেন।
এই উৎসবের মূল আকর্ষণ ছিল চারুকলা বিভাগের সহায়তায় নির্মিত বিশেষ সম্মাননা ‘ইথিরিয়াল ব্লুম’ প্রদান। চলচ্চিত্র অঙ্গনে বিশেষ অবদানের জন্য কিংবদন্তি অভিনেতা প্রয়াত হুমায়ুন ফরীদিকে মরণোত্তর সম্মাননাসহ জাবির সাবেক পাঁচ শিক্ষার্থী এবং বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৮ জন নির্মাতা, শিল্পী ও সংগঠককে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিশেষ সম্মাননা লাভ করে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত জাবি শিক্ষার্থীদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইনতেজার: প্রথম প্রহর’।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, প্রক্টরসহ ‘সাঁতাও’, ‘জ্বীনের বাচ্চা’ ও ‘কাজলরেখা’ চলচ্চিত্রের নির্মাতা এবং কলাকুশলীরা উপস্থিত ছিলেন। উৎসব আয়োজনের লক্ষ্য সম্পর্কে ফেস্টিভ্যালের চিফ অর্গানাইজার মেহরাব সিফাত, গোলাম ফারুক জয় এবং নাসির খন্দকার জানান, শিল্পকে শুধু মঞ্চে সীমাবদ্ধ না রেখে সব মাধ্যমকে সংযুক্ত করা এবং থিয়েটার ও চলচ্চিত্রের মধ্যকার বিভেদ দূর করাই তাদের মূল উদ্দেশ্য। প্রথম আসর সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।
রিপোর্টারের নাম 

























