ইরানের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে একটি গুরুত্বপূর্ণ সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরান ইতিমধ্যে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে সম্মত হয়েছে, যা দীর্ঘদিনের আলোচনার প্রধান অন্তরায় ছিল। লাস ভেগাসে মার্কিন অর্থনীতি নিয়ে আয়োজিত এক বৈঠকে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন না করার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে তারা ভূগর্ভে সংরক্ষিত ‘নিউক্লিয়ার ডাস্ট’ বা সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের মতে, পরিস্থিতি অত্যন্ত ইতিবাচকভাবে এগোচ্ছে এবং নতুন দফার আলোচনা চলতি সপ্তাহের শেষেই শুরু হতে পারে।
তবে মার্কিন প্রেসিডেন্টের এই দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে, ইরানের সঙ্গে বিদ্যমান যুদ্ধবিরতির মেয়াদ আর মাত্র পাঁচ দিন বাকি থাকলেও ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, এই মেয়াদ বাড়ানোর প্রয়োজন না-ও হতে পারে।
রিপোর্টারের নাম 



















