ইউক্রেনীয় বাহিনীর ক্রমাগত ড্রোন হামলায় রাশিয়ার অভ্যন্তরীণ জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটিতে পেট্রোল সংকট তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি সামাল দিতে সমুদ্রপথে ভারত থেকে জ্বালানি তেল আমদানি শুরু করেছে ক্রেমলিন। ইতোমধ্যে ভারত থেকে অন্তত ৬০ হাজার মেট্রিক টন পেট্রোলবাহী ট্যাংকার রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
বর্তমানে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে, যার ফলে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন এবং পেট্রোলের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতি মোকাবিলায় রাশিয়া প্রতি মাসে বিভিন্ন দেশ থেকে প্রায় ৪ লাখ টন পেট্রোল আমদানির পরিকল্পনা করছে। এর অংশ হিসেবে প্রতিবেশী বেলারুশও রাশিয়ায় জ্বালানি সরবরাহ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি এক বৈঠকে স্বীকার করেছেন যে, তেল শোধনাগারগুলোতে হামলার কারণে দেশে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এই সংকট কাটাতে রুশ পার্লামেন্ট কর আইনেও পরিবর্তন এনেছে, যাতে বিদেশ থেকে জ্বালানি আমদানিতে ভর্তুকি প্রদান করা সহজ হয়। তবে ভারতের ঠিক কোন শোধনাগার থেকে এই তেল সরবরাহ করা হচ্ছে, তা এখনো প্রকাশ করা হয়নি।
রিপোর্টারের নাম 























