কারাবন্দি স্বামীর নির্যাতনের আর্তচিৎকার ও কান্নার শব্দ মোবাইলে শুনিয়ে এক নারীর কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি দুর্ধর্ষ প্রতারক চক্র। ডিবি পরিচয় দিয়ে এমন প্রতারণার অভিযোগে চক্রের মূল হোতাসহ ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনা হয়।
পুলিশ জানায়, ভুক্তভোগী এক নারীর স্বামী বর্তমানে কাশিমপুর কারাগারে বন্দি রয়েছেন। গত ৫ এপ্রিল ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যক্তি তাদের গাড়িচালকের মাধ্যমে যোগাযোগ করে। পরে ওই নারী যোগাযোগ করলে জানানো হয়, তার স্বামীকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে এবং মুক্তি পেতে হলে ১০ লাখ টাকা লাগবে। প্রতারকরা এতটাই চতুর ছিল যে, তারা ভুক্তভোগীর স্বামীর কণ্ঠ নকল করে ফোনে কান্নাকাটি শোনায়। স্বামীর জীবন বাঁচাতে ওই নারী দ্রুত অর্থ সংগ্রহ করে প্রতারকদের নির্দেশিত ঠিকানায় পাঠিয়ে দেন। পরে মোবাইল নম্বর বন্ধ পাওয়ায় তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।
সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় ডিবি ওয়ারী বিভাগ এই চক্রের মূল হোতা জাবেদ হোসেনকে গ্রেপ্তার করে। এছাড়া রাজধানীর সূত্রাপুরে ব্যাংক অ্যাকাউন্ট যাচাইয়ের নামে সাড়ে ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক অভিযানে মাদক কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে নারীসহ আরও ২৫ জনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা পুলিশ।
রিপোর্টারের নাম 
























