হবিগঞ্জের মাধবপুরে সরকারি রাবার বাগানের ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বিএফআইডিসি’র চার কর্মকর্তা-কর্মচারী। সালাউদ্দিন নামে এক ব্যক্তির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রটি দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বাগানের হিসাবরক্ষণ কর্মকর্তা, ফিল্ড অফিসার, আনসার সদস্য এবং সিবিএ সভাপতির ওপর অতর্কিত আক্রমণ চালায়।
আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগানের দায়িত্বশীল কর্মকর্তাদের অভিযোগ, প্রভাবশালী চক্রটি দীর্ঘদিন ধরেই সরকারি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এর আগেও একাধিকবার বাধা প্রদান করায় তারা প্রাণনাশের হুমকি দিয়েছিলেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। তবে এ ধরনের বর্বরোচিত ঘটনায় বাগানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
রিপোর্টারের নাম 























