দীর্ঘ ১০ ঘণ্টা আন্দোলনের পর রাজধানীর রাজপথ থেকে অবরোধ তুলে নিয়েছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার রাতে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে সরে যাওয়ার মধ্য দিয়ে মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। তবে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি থেকে সরে আসেননি তারা; বরং নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
এর আগে বেলা পৌনে ১২টার দিকে সায়েন্স ল্যাব মোড় থেকে শুরু হওয়া এই বিক্ষোভ কর্মসূচি বিকেলে সংসদ ভবনের সামনে অবস্থান নিলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে, যেখানে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটলেও শিক্ষার্থীরা দাবি করেছেন, এটি বাইরের কোনো মহলের পরিকল্পিত কাজ।
শিক্ষার্থীদের দাবির তালিকায় রয়েছে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ। রাত সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীরা আজকের মতো কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে তাদের লড়াই অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 



















