দেশের স্থাপত্য শিক্ষার মানোন্নয়ন এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘আর্ককেইউ–বার্জার অ্যাওয়ার্ড ২০২৬’। খুলনা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের সৃজনশীল কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
এবারের আয়োজনটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এখানে ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট পাঁচটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের একসঙ্গে পুরস্কৃত করা হয়েছে। দীর্ঘ দেড় দশক ধরে শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পের মধ্যে যে মেলবন্ধন তৈরি হয়েছে, এই আয়োজন তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি পেশাগত জীবনের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক ড. মো. আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে বার্জার পেইন্টস ও বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২০১১ সাল থেকে শুরু হওয়া এই পুরস্কার স্থাপত্যবিদ্যার শিক্ষার্থীদের জন্য একটি মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
রিপোর্টারের নাম 

























