খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩১ জন শিক্ষককে উচ্চমানের গবেষণার স্বীকৃতিস্বরূপ ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৪’ প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক মানের জার্নালে উল্লেখযোগ্য গবেষণা প্রবন্ধ প্রকাশের জন্য সংশ্লিষ্ট অনুষদের বিশেষজ্ঞ প্যানেলের যাচাই-বাছাই শেষে তাদের এই সম্মাননা দেওয়া হয়।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষকদের হাতে এই পুরস্কার তুলে দেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। অনুষ্ঠানে তিনি বলেন, গবেষণাই একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ এবং এর মাধ্যমেই প্রতিষ্ঠানের প্রকৃত মান নির্ধারিত হয়। এই অর্জন শুধু শিক্ষকদের ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের বিষয়।
গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও জ্যেষ্ঠ শিক্ষকরা উপস্থিত ছিলেন। বক্তারা বিশ্ববিদ্যালয়ের গবেষণার গুণগত মান ও উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধিতে শিক্ষকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। এই ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশকে আরও সমৃদ্ধ করবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
রিপোর্টারের নাম 

























